জামুড়িয়ায় প্রাক্তন বিধায়কের দলীয় কার্যালয়ে উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী চাঞ্চল্য এলাকায়

কাজল মিত্র : জামুড়িয়ার প্রাক্তন বিধায়কের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ওই কার্যালয়ে সরকারি প্রকল্পের জন্য নির্ধারিত বিভিন্ন সামগ্রী মজুত থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্যালয়ের ভিতরে বিপুল পরিমাণ শাড়ি, ত্রিপল, কম্বল, লুঙ্গি ও গামছা মজুত অবস্থায় পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী বাসিন্দারা ঘটনাস্থলের সামনে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে নির্দিষ্ট উপভোক্তাদের হাতে না পৌঁছে একটি দলীয় কার্যালয়ে জমা করে রাখা হয়েছিল। তাঁদের দাবি, সরকারি অর্থে কেনা এই সামগ্রী প্রকৃত প্রাপকদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যেই আনা হয়েছিল। তা সত্ত্বেও কেন সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


অন্য দিকে, ঘটনার প্রকৃত সত্য জানতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস, কী উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল এবং সংশ্লিষ্ট কোনও নিয়ম লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
তল্লাশি অভিযান চলাকালীন গোটা এলাকা জুড়ে ছিল তীব্র উত্তেজনা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *