দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা আদালত ভবন খোলার পিছনে যে জট ছিল, তা কাটতে চলেছে। খুব শীঘ্রই খুলছে নতুন আদালত ভবন। দুর্গাপুরে এসে আইনজীবীদের আশ্বস্ত করলেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী বিরাজ বিশ্বাস।পরিকাঠামোগত সমস্যা থেকে শুরু করে আইনজীবীদের দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ, সবকিছুরই দ্রুত সমাধানের আশ্বাস দিলেন তিনি। দুর্গাপুর মহকুমায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৈরি হয়েছে নতুন মডেল আদালত ভবন। মডেল আদালতের উদ্বোধনও সম্পন্ন হয়েছে। কিন্তু উদ্বোধনের পরেও নানা পরিকাঠামোগত ও প্রশাসনিক জটিলতার কারণে এখনও পর্যন্ত নতুন ভবনে আদালতের কাজকর্ম শুরু করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই পুরনো, জরাজীর্ণ আদালত ভবনেই চলছে বিচার বিভাগীয় কাজকর্ম। আর এই পরিস্থিতি নিয়েই দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। আইনজীবীদের অভিযোগ, পুরনো আদালত ভবনের অবস্থা অত্যন্ত শোচনীয়। ভবনের ছাদ থেকে যে কোনও সময় চাঙড় খসে পড়ার আশঙ্কা রয়েছে। মাথার উপরে বিপজ্জনক ছাদ নিয়ে প্রতিদিন কাজ করতে হচ্ছে আইনজীবীদের। শুধু আইনজীবীরাই নন, আদালতে আসা বিচারপ্রার্থী সাধারণ মানুষও রয়েছেন প্রাণের ঝুঁকিতে। যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। এমনকী আদালত ভবনের কোনও অংশ ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও উঠেছে। অন্যদিকে, নতুন আদালত ভবন চালু না হওয়ার পাশাপাশি আইনজীবীদের বসার জায়গার পরিকাঠামো নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নতুন ভবনে আইনজীবীদের বসার জায়গার উপরে টিনের ছাউনি দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন আইনজীবীরা। তাঁদের দাবি, আধুনিক মডেল আদালত ভবন তৈরি হলেও আইনজীবীদের জন্য উপযুক্ত ও উন্নতমানের পরিকাঠামো নিশ্চিত করা হয়নি। এই সমস্যার সমাধানের দাবিতে একাধিকবার আন্দোলনে নেমেছেন দুর্গাপুরের আইনজীবীরা। বিভিন্ন সময়ে বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি এবং কর্মবিরতির মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরেও আদালতের কাজকর্ম বন্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছিলেন আইনজীবীদের একাংশ। তাঁদের দাবি ছিল, অবিলম্বে নতুন আদালত ভবন চালু করতে হবে এবং আইনজীবীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। পুরনো ভগ্নপ্রায় ভবনে জীবনের ঝুঁকি নিয়ে আর কাজ করতে চান না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁরা। এই পরিস্থিতিতে এবার সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। দুর্গাপুরের সিটি সেন্টারে আইনজীবীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী বিরাজ বিশ্বাস। আইনজীবীদের সঙ্গে বৈঠকে তাঁদের দীর্ঘদিনের অভিযোগ ও দাবিদাওয়ার কথা শোনেন তিনি। নতুন আদালত ভবন চালু করতে ঠিক কী কী সমস্যা রয়েছে, কোথায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে এবং আইনজীবীদের পরিকাঠামোগত সমস্যাগুলি কী, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনজীবীদের সমস্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী বিরাজ বিশ্বাস বলেন, “যে কর্মবিরতি চলছিল, সেই কর্মবিরতি উঠে গেছে। আইনজীবীদের সমস্যার কথা শুনলাম। এছাড়াও নতুন আদালত ভবন নিয়ে একাধিক বিভাগীয় সমস্যা তৈরি হওয়ায় এখনও খোলা যায়নি। খুব দ্রুত নতুন আদালত ভবন খুলতে চলেছে। এছাড়াও আইনজীবীদের যে সমস্যা ছিল, সেই সমস্যা মেটাবে বর্তমান সরকার। আমাদের সরকার প্রত্যেক মুহূর্তে রাজ্যের প্রতিটি মানুষের সঙ্গে, আইনজীবীদের পাশেও আছে।”
জট কাটিয়ে দুর্গাপুর মডেল আদালত খুলছে খুব শীঘ্রই, আশ্বস্ত করলেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী বিরাজ বিশ্বাস….
