মিহিজামে ডাকাতি কাণ্ডের কিনারা, ৩ গ্রেপ্তার, ১ নাবালক আটক

কাজল মিত্র : মিহিজাম থানা এলাকায় ডাকাতি কাণ্ডের কিনারা করল পুলিশ। বুধবার প্রেস বৈঠকে এসডিপিও ওয়াসিম রাজা জানান, এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, আর এক নাবালককে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি তাজা কার্তুজ, তিনটি মোবাইল ফোন ও লুঠ হওয়া গয়না উদ্ধার করা হয়েছে।পুলিশের দাবি, বেশি টাকার লোভ দেখিয়ে অভিযুক্তদের এই ঘটনা ঘটাতে ডাকা হয়েছিল।

পুলিশ সুপারের কার্যালয় থেকে ১৮ নভেম্বর জারি করা প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, কানগোই নিবাসী শিব কুমার পাসি (২৬)-এর লিখিত আবেদনের ভিত্তিতে মিহিজাম থানায় কাণ্ড নং ৮৩/২০২৬ নথিভুক্ত করা হয়। মামলাটি ২ নভেম্বর ২০২৬ তারিখে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা ও আর্মস অ্যাক্টে দায়ের হয়।

ঘটনার গুরুত্ব দেখে পুলিশ সুপারের নির্দেশে এসডিপিও ওয়াসিম রাজার নেতৃত্বে বিশেষ অভিযান দল গঠন করা হয়। দলটি প্রযুক্তিগত তথ্য ও মানবিক সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিশ কৈরি (২০), প্রেম গোরাই (৩৫) ও সোমু পাত্র (২০)-কে গ্রেপ্তার করে। তিনজনই পূর্ব সিংভূম জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া এক বালককে আটক করা হয়েছে।

পুলিশের মতে, জিজ্ঞাসাবাদে ধৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, মিহিজাম থানা এলাকার জয়রাম ও আরিয়ান বেশি টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাদের এই কাজের জন্য ডেকেছিল। তাদের কথামতোই ঘটনা ঘটানো হয়। পুলিশ এখন জয়রাম ও আরিয়ানের ভূমিকাও খতিয়ে দেখছে।

অভিযানে পুলিশ একটি দেশি পিস্তল, ম্যাগাজিন, দুটি তাজা কার্তুজ, তিনটি মোবাইল, এক জোড়া পায়েল, গলার হার ও একটি চেন উদ্ধার করেছে।

এই অভিযানে এসডিপিও ওয়াসিম রাজা ছাড়াও মিহিজাম থানার ভারপ্রাপ্ত অফিসার প্রদীপ রানা, পুলিশ পরিদর্শক আব্দুল রহমান সহ সাইবার থানা ও মিহিজাম থানার পুলিশকর্মীরা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *