সংবাদদাতা , অন্ডাল : নিঃসন্তান দম্পতি কার্তিক পুজো করলে পরিবারে আসে সন্তান, এই বিশ্বাসে অনেকে কার্তিক পুজোর আয়োজন করেন । অবশ্য অন্যান্য বিভিন্ন কারণেও কার্তিক পূজার আয়োজন হয় বাংলার বিভিন্ন প্রান্তে । মঙ্গলবার হলো কার্তিক পুজো । বিভিন্ন জায়গায় সাড়ম্বরে আয়োজন করা হয় পুজো । অন্ডাল ব্লকের উখরা গ্রামের রথতলা পাড়ার দাস পরিবারে পুজো পরলো এবার ১০০ বছরে । বাংলা ১৩৩ বঙ্গাব্দে এই পুজটির সূচনা করেন পরিবারের পূর্বপুরুষ স্বর্গীয় বৈদ্যনাথ দাস । তিনি ছিলেন নিঃসন্তান । সন্তান কামনার আশাতেই তিনি বাড়িতে কার্তিক পূজার প্রচলন করেন । পুজোর কিছুদিনের মধ্যেই পরিবারে জন্ম হয় সন্তানের বলে জানান পরিবারের বর্তমান কর্তা মুরলীধর দাস । সেই থেকে ধারাবাহিকভাবে চার প্রজন্ম এই পুজোর আয়োজন করে আসছে প্রতিবছর । পরিবারের গৃহবধূ সুস্মিতা দাস জানান কর্মসূত্রে স্বামীসহ তিনি বাইরে থাকেন । কিন্তু কার্তিক পুজোতে প্রতি বছর ছুটি নিয়ে ফিরে আসেন শ্বশুরবাড়িতে । পারিবারিক কার্তিক পুজোয় যোগ দেবার জন্য । পুজোর আয়োজনের সব কাজ বাড়ির মহিলারা মিলেমিশে করেন বলে জানান তিনি ।
গৃহকর্তা মুরলীধর দাস বলেন এবার পুজোর শতবর্ষে গড়ালো । তাই অন্যান্য বছরে তুলনায় এবার বাড়তি আড়াম্বরের সাথে পুজোর আয়োজন করা হয়েছে । অন্যান্য বছর পূজোর দিন পাড়া প্রতিবেশীদের ভোগ খাওয়ানো হতো । এবার পুজোর পরের দিন ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে বড় আকারে । দাস পরিবারের শতবর্ষের কার্তিক পুজো ঘিরে উন্মাদনায় মেতেছে পাড়া-প্রতিবেশীরাও ।
