কাজল মিত্র, আসানসোল: ক্রেতা সেজে জুয়েলার্স দোকান থেকে রুপোর চেন ও ব্রেসলেট চুরি করে পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের নিয়ামতপুরে। তবে ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। চুরি যাওয়া সমস্ত গয়নাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ধৃতদের নাম অভিষেক সাউ ও প্রেম পাসওয়ান। অভিষেকের বাড়ি ইসমাইলের গুরু নানক পল্লি এলাকায়। আর প্রেম পাসওয়ানের বাড়ি তেল আম্বেদকর রোড এলাকায়। দু’জনেই আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কী ঘটেছিল?
দোকানের মালিক বিজয় বর্মন জানান, মঙ্গলবার দুপুরে এক যুবক তাঁর দোকানে ক্রেতা সেজে ঢোকে। রুপোর চেন ও ব্রেসলেট দেখার বাহানায় সে দোকানদারকে ব্যস্ত রাখে। কিছুক্ষণ গয়না দেখার পর আচমকাই চেন ও ব্রেসলেট হাতে নিয়েই দোকান থেকে ছুটে বেরিয়ে যায় ওই যুবক।
বাইরে আগে থেকেই বাইক নিয়ে অপেক্ষা করছিল তার সঙ্গী। দোকান থেকে বেরিয়েই সে বাইকে চেপে বসে। মুহূর্তের মধ্যে দু’জনেই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর দোকানের মালিক চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে।
পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই যুবক, খবর পাওয়ামাত্রই তদন্তে নামে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। স্থানীয় সূত্র থেকে তথ্য জোগাড় করে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।পুলিশের দাবি, ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যেই দুই যুবককে চিহ্নিত করে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া রুপোর চেন ও ব্রেসলেট উদ্ধার করা হয়েছে। ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, এর আগেও তারা এ ধরনের চুরির সঙ্গে যুক্ত ছিল কি না। অন্য কোনও জুয়েলার্স দোকানেও তারা এভাবে চুরি করেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দ্রুত পদক্ষেপে খুশি দোকানের মালিক বিজয় বর্মন। তিনি নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে গয়না উদ্ধার করা মুশকিল হতো।এই ঘটনার পর এলাকার অন্যান্য জুয়েলার্স ব্যবসায়ীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও পুলিশের তৎপরতায় স্বস্তি ফিরেছে। পুলিশের তরফে ব্যবসায়ীদের সিসিটিভি ঠিকমতো চালু রাখা এবং অচেনা ক্রেতাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
