ভাড়াটিয়াদের পরিচয় নথিভুক্তকরণে কড়াকড়ি, বারাবনি থানায় বাড়ির মালিকদের নিয়ে বৈঠক

কাজল মিত্র : বারাবনি: অপরাধ প্রতিরোধে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ভাড়াটিয়াদের পরিচয় যাচাই প্রক্রিয়ায় কড়াকড়ি আনল বারাবনি থানার পুলিশ। এই মর্মে মঙ্গলবার থানা চত্বরে এলাকার বাড়ির মালিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত প্রত্যেক বাড়ির মালিকের হাতে তুলে দেওয়া হয় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের নির্দিষ্ট যাচাইকরণ ফর্ম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফর্মে ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ নাম, বর্তমান ঠিকানা, যোগাযোগের নম্বর, পাসপোর্ট সাইজের ছবি এবং আধার কার্ড বা ভোটার পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করে দ্রুত থানায় জমা দিতে হবে।ভবিষ্যতে নতুন কোনও ভাড়াটিয়া বাড়িতে এলে তাঁর ক্ষেত্রেও একই নিয়ম কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।

বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, “জননিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ। এলাকার প্রতিটি ভাড়াটিয়ার তথ্য থানায় নথিভুক্ত থাকলে যেমন অপরাধ প্রতিরোধ করা সম্ভব, তেমনই কোনও ঘটনা ঘটলে তদন্তের কাজও দ্রুত এগোবে।” তিনি বাড়ির মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি সহ ফর্ম জমা দেওয়ার আবেদন জানান।বৈঠকে উপস্থিত ছিলেন আধিকারিক জয়ন্ত দুলই সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।প্রশাসনের মতে, ক্রমবর্ধমান নগরায়ণ ও মানুষের অবাধ যাতায়াতের প্রেক্ষাপটে ভাড়াটিয়াদের পরিচয় নথিভুক্তকরণ নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *