দুর্গাপুর: ভয়াবহ পথ দুর্ঘটনায় কার্যত তছনছ একটি চারচাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মেরে সোজা নিচে পড়ে গেল গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ডিভিসি মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসছিল গাড়িটি। সিটি সেন্টার চার্চের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে সেটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি ছিটকে কালভার্টের নিচে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির ভিতরে চালক আটকে থাকায় দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উপস্থিত হন এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। পুলিশের তৎপরতায় গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে ক্রেন এনে কালভার্টের নিচ থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এলাকায় চাঞ্চল্য ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
