মুঠোফোনের আসক্তি সরিয়ে জ্ঞানের জগতে নতুন প্রজন্ম, দুর্গাপুরে আসছে ‘QUEST 2026’

সংবাদদাতা দুর্গাপুর : মুঠোফোনের স্ক্রিন আর সোশ্যাল মিডিয়ার হাতছানি থেকে নতুন প্রজন্মকে বের করে এনে জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আঙিনায় ফিরিয়ে আনার উদ্যোগ। সেই লক্ষ্যেই দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে সুবিশাল কুইজ প্রতিযোগিতা ‘QUEST 2026’। আগামী ১৪ নভেম্বর আয়োজিত হবে এই প্রতিযোগিতা।বর্তমান সময়ে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার প্রতি পড়ুয়াদের ক্রমবর্ধমান আসক্তি অভিভাবকদের পাশাপাশি সমাজের কাছেও উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে পড়ুয়াদের মোবাইলের ভার্চুয়াল জগতের বাইরে এনে বই, জ্ঞান, যুক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটাতেই ক্লাব সমন্বয়ের এই বিশেষ উদ্যোগ।আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় ৩০০-রও বেশি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২০০টি স্কুল কর্তৃপক্ষ যোগাযোগ করে নাম নথিভুক্ত করেছে। সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক বিষয়, সিনেমা ও বিনোদন জগত—বিভিন্ন বিষয়ের উপর থাকবে আকর্ষণীয় প্রশ্ন। অর্থাৎ পড়ুয়াদের জ্ঞানের পরিধি যাচাইয়ের পাশাপাশি তাদের উপস্থিত বুদ্ধি ও চিন্তাশক্তিরও পরীক্ষা হবে এই মঞ্চে।প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ প্রায় ২ লক্ষ টাকার পুরস্কার মূল্য। অংশগ্রহণকারীদের নাম নথিভুক্তির জন্য অনলাইন এবং কিউআর কোডের মাধ্যমে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।শুধু একটি কুইজ প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা এবং বইমুখী সংস্কৃতি গড়ে তোলার বার্তা দিতেই ‘QUEST 2026’-এর এই আয়োজন। প্রযুক্তির ব্যবহার হোক জ্ঞানের বিকাশে, আসক্তিতে নয়—এই বার্তাকেই সামনে রেখে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে এক বৃহৎ জ্ঞানযুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *