আসানসোল, কাজল মিত্র: আসানসোল রাইফেল ক্লাব শুধু বাংলার নয়, গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা ক্লাব। রবিবার আসানসোল রাইফেল ক্লাবের এক প্রতিযোগিতায় এসে এমনটাই বললেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।এদিন তিনি বলেন, “আসানসোলের রাইফেল ক্লাবকে আমি বলব শুধু বাংলার নয়, আমার চোখে গোটা ভারতের মধ্যে হাতে গোনা সেরা ক্লাবগুলির মধ্যে একটি। এখানে যেমন প্রতিযোগীরা আসে, যেভাবে এখানকার শুটাররা একের পর এক সাফল্য পেয়ে দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি তাঁদের সকলকে অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “আমি আজ ঢাল সাহেবকে, আসানসোল রাইফেল ক্লাবকে এবং যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, যাঁরা প্র্যাকটিস করছেন, যাঁরা জিতছেন, যাঁরা নিরন্তর চেষ্টা করে চলেছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি। এই ধরনের অনুষ্ঠান আসানসোলে পুরো দমে চলতে থাকে। আমি আগামী দিনেও আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে থাকব এবং উৎসাহ জোগাব। রাইফেল ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা।”
