শ্রীনগরে বিএসএফ জওয়ান মনু সাহুর মৃত্যু, আসানসোলের মহিশীলায় শোকের ছায়া

কাজল মিত্র, আসানসোল : জম্মু-কাশ্মীরের শ্রীনগরে কর্মরত বিএসএফ কনস্টেবল মনু সাহুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। জানা গেছে, দু’দিন আগে ডিউটি চলাকালীন হঠাৎ তার শরীর খারাপ হয়। রবিবার তার মরদেহ আসানসোলের মহিশীলা গ্রামে তার পৈতৃক বাড়িতে এসে পৌঁছায়। মরদেহ গ্রামে পৌঁছাতেই পরিবার, আত্মীয়স্বজন এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।সহকর্মীদের কথায়, রাতে খাওয়া-দাওয়া করে অন্য জওয়ানদের সঙ্গেই ঘুমিয়ে পড়েছিলেন মনু। সকালে অনেকক্ষণ না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে যান। তারপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিএসএফের এসআই আনন্দ কর্মকার জানিয়েছেন, চিকিৎসকরা মৃত্যুর কারণ হৃদরোগ বলে জানিয়েছেন।

জওয়ানের মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি তার কর্মীদের মনুর বাড়িতে পাঠান এবং পরিবারকে আশ্বাস দেন যে রাজ্য সরকার সবসময় তাদের পাশে আছে। পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

মনু সাহুর মরদেহ মহিশীলায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই শেষবারের মতো দেখতে ভিড় জমান বহু মানুষ। গোটা এলাকায় এখন শোকের আবহ। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। চোখে জল নিয়েই বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *