আসানসোল, কাজল মিত্র: আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বড়সড় ভাঙন ধরল AIMIM শিবিরে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে পকেট ভরার অভিযোগ তুলে কংগ্রেসে যোগ দিলেন প্রায় দু’শো সংখ্যালঘু কর্মী-সমর্থক। শনিবার আসানসোলে এক যোগদান সভায় তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলার ইনচার্জ মহম্মদ হাসান হোসাইনি।এদিন যোগদানকারী নেতা মতিন তাঁর বক্তব্যে বলেন, তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস দিয়েই।

তিনি বলেন, “২০০৯-১০ সালে যখন কংগ্রেস-তৃণমূল জোটের কথা চলছিল, তখন আমি কংগ্রেসেই ছিলাম। ২০১১ সালে আমার নেতা কুরবান আলী সাহেবের সঙ্গে বাধ্য হয়ে তৃণমূলে যেতে হয়েছিল। তখন আমি ২০-২২ বছরের যুবক ছিলাম। তৃণমূলে গিয়ে দেখলাম তোলাবাজি আর উন্নয়ন না হওয়া। তাই ২০২১ সালে ওয়াইসি সাহেবকে দেখে MIM-এ যোগ দিয়েছিলাম। ওয়াইসি সাহেবকে আমি আজও সম্মান করি, উনি দেশের সেরা সাংসদ। কিন্তু এখানেও দেখলাম নেতারা শুধু নিজেদের পকেট ভরছে।”MIM-এর ভোট কমার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “তার প্রমাণ এই বিধানসভা নির্বাচন। যে প্রার্থী আগে ১৫০০ ভোট পেয়েছিল, এবার আমাদের জেলা প্রেসিডেন্ট দানিশ মাত্র ৪৯৩ ভোট পেয়েছে। এর মানে মানুষ আপনাদের চাইছে না। ৫ বছর ধরে গলি গলি তে ওয়াইসি সাহেবের আওয়াজ পৌঁছে দিয়েছি, কিন্তু নেতৃত্ব বেইমানি করেছে। আজ বাংলায় যদি বিজেপির বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে থাকে, সে হল কংগ্রেস, সে হল রাহুল গান্ধী। তাই আমি ঘর ওয়াপসি করলাম। MIM-কে এই এলাকায় আনার জন্য যতটা খেটেছিলাম, এই এলাকা থেকে MIM-কে শেষ করার জন্য ততটাই খাটব।”অন্যদিকে প্রদেশ নেতা মহম্মদ হাসান হোসাইনি বলেন, “আজ যাঁরা যোগ দিলেন, তাঁরা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের এবং এতদিন MIM-এ ছিলেন। ওয়াইসির নীতি ও পলিসিতে নাখুশ হয়ে তাঁরা আজ কংগ্রেসের দামন ধরেছেন। ইনশাআল্লাহ তাঁরা আর এই দামন ছাড়বেন না। কংগ্রেস তাঁদের যোগ্য সম্মান দেবে। আশেপাশের সমস্ত লিডার আজ থেকে কংগ্রেসের হিরো হিসেবে পরিচিত হবেন।”আসন্ন আসানসোল পুরনিগম নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এখনই জোট নিয়ে কিছু বলা যাবে না। আগে ভোটার তালিকা ও SIR প্রক্রিয়া সম্পূর্ণ হোক। তবে একটা কথা পরিষ্কার, TMC-র অবস্থা আপনারা দেখেছেন, CPM সাফ হয়ে গেছে। এখন লড়াই হবে কংগ্রেস বনাম বিজেপির। ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান লড়াই হবে এবং কংগ্রেস খুব ভালো ফল করবে।”
