ভাইফোঁটায় সামাজিক দায়বদ্ধতার নজির, রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির

সংবাদদাতা, দুর্গাপুর: বোনের কপালে ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ফোঁটা, আর সেই বোনেদেরই জীবনরক্ষায় রক্তদান। ভাইফোঁটার চিরাচরিত আবেগের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধন ঘটল দুর্গাপুরের ট্রাঙ্ক রোড বিধায়ক কার্যালয়ে। বুধবার দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুইয়ের উদ্যোগে এবং ‘ইচ্ছাপূরণ’-এর ব্যবস্থাপনায় আয়োজিত হল গণ ভাইফোঁটা ও রক্তদান শিবির। সহযোগিতায় ছিল বিধানসভার যুব মোর্চা।এদিনের কর্মসূচিতে একদিকে বোনেরা ভাইদের কপালে ফোঁটা পরিয়ে দেন, অন্যদিকে রক্তের সংকট মোকাবিলায় এগিয়ে আসেন রক্তদাতারা। বিশেষত দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তের অপ্রতুলতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক। বিধায়ক বলেন, শিবির থেকে ন্যূনতম ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রাথমিক লক্ষ্য ৭০ ইউনিট।


বিধায়ক লক্ষ্মণ ঘরুই আরও বলেন, “ভাইফোঁটা ভাই-বোনের পবিত্র বন্ধন। এই দিনে ভাইয়েরা বোনেদের জীবন বাঁচাতে রক্ত দেবেন, এমন ভাবনা থেকেই কর্মসূচি। বিধাননগর হাসপাতালে রক্তের অভাব রয়েছে। হাসপাতালের সুপার ফোন করে পরিস্থিতির কথা জানিয়েছেন। অনেক রোগী রক্তের জন্য অপেক্ষা করছেন। তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।”
বিধায়ক কার্যালয়ের রাজনৈতিক পরিচয় নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর কথায়, “বিধায়ক কার্যালয় সকলের। আমি তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দলের মানুষের বিধায়ক। এখানে দল দেখে কাউকে আলাদা করা হয় না। যে কেউ রক্ত দিতে কিংবা ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিতে পারেন।”
নারী সুরক্ষার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “বোনেদের নিরাপত্তার প্রশ্নে ভাইয়েরা সবসময় পাশে থাকবে। কোনও বোন হেনস্থার শিকার হলে দলমত নির্বিশেষে তার প্রতিবাদ হওয়া দরকার। ভাইফোঁটার এই পবিত্র বন্ধনের মধ্য দিয়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *