সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রতি বছরের মতো এবছরও ২৬ জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।সারা পৃথিবীতেই এটি এক বড় সমস্যা হয়ে উঠেছে। তাই, সরকারী ও বেসরকারী উদ্যোগে সাধারন মানুষের মধ্যে মাদকবিরোধী প্রচার চালানো হয়। মাদকের জেরে সমাজেও তার মারাত্মক কুপ্রভাব পড়ে। তাই প্রতি বছর ২৬ জুন দিনটিকে আন্তর্জাতিক মাদক সেবন এবং পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। এই উপলক্ষ্যে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে কোকওভেন থানার পক্ষ থেকে মাদক বিরোধী এক পদযাত্রা বের করা হয়। কোক ওভেন থানার অফিসার ইনচার্জ মইনুল হকের নেতৃত্বে পুলিশকর্মীদের সঙ্গে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকশিক্ষিকারাও মাদক বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেয়।

পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে শুরু হয়ে লিলুয়া বাঁধ হয়ে দুর্গাপুর বাজার পরিক্রমা করে এসবি মোড়ে শেষ হয়। কোক ওভেন থানার আধিকারিক মইনুল হক জানান,এমনিতে সারা বছরই মাদকের বিরুদ্ধে পুলিশের নজরদারী চলে।থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ এবিষয়ে নজরদারী করে। তবে ২৬ জুন সারা বিশ্বের বিভিন্ন জায়গার সঙ্গে পুলিশের পক্ষ থেকেও সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
