নিয়োগ দূর্ণীতি রুখতে কারখানার গেটের সামনে পোস্টার দিল আইএনটিটিইউসি

সংবাদদাতা,দুর্গাপুরঃ কথা মতোই ২৫ জুন দুর্গাপুরে একটি বিশেষ হোয়াটস অ্যাপ নম্বর যুক্ত পোস্টার লাগানোর সূচনা করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের কলকারখানায় কোথাও কোনো নিয়োগ সংক্রান্ত অভিযোগ থাকলে তা সরাসরি এই হোয়াটস অ্যাপ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন ঋতব্রত। তিনি জানান,অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হবে। দোষী হলে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম এই পোস্টারটি লাগানো হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে। এরপর পোস্টার লাগানো হয় মিশ্র ইস্পাত কারখানার গেটে।

এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন কলকারখানার গেটের সামনে এই পোস্টার লাগানো শুরু হয়েছে। কারখানার পাশাপাশি দুর্গাপুর নগর নিগম ভবনের সামনেও এই পোস্টার লাগানো হয়। সেই সময় পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের তরফ থেকে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। তার সঙ্গে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও পুর প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তেওয়ারী। পরে সাংবাদিকদের সামনে ঋতব্রত বলেছেন, ইতিমধ্যেই আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। এবার পোস্টার দিয়ে আমরা জানতে চাই আর কোনো অনিয়মের সঙ্গে দলের কোনো শ্রমিক নেতা জড়িত কিনা। অভিযোগ পেলেই আমরা তার নামে থানায় অভিযোগ করব বলে জানান তিনি। ঋতব্রত বলেছেন, দুর্গাপুরের বিভিন্ন কলকারখানায় কর্মী নিয়োগ নিয়ে সংগঠনের বেশ কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকায় এবার কোন একজন নয়,১২ জনের একটি কোর কমিটি গড়ে দিয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে সংগঠনের সমস্ত কাজকর্ম এই কোর কমিটি দেখবে। এরমধ্যেই কয়েকজন তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে এএসপি ও ডিপিএলে পোস্টার পড়ার ঘটনা নিয়ে সোরগোল দেখা দিয়েছে দুর্গাপুরের রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *