সংবাদদাতা, দুর্গাপুর: ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিন ২৫ জুন, ১৯৮৩। যেদিন কপিল দেবের নেতৃত্বে ভারত তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। ৪২ বছর পূর্ণ হল বুধবার। ভারতীয় দল ২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। মোহিন্দর অমরনাথ ফাইনালের নায়ক ছিলেন, যিনি ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এবং ২৬ রান করেছিলেন। সেই দলের অন্যতম এক সদস্য ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বুধবার দুর্গাপুরের মহকুমা শাসক ড. সৌরভ চট্টোপাধ্যায় এর কার্যালয়ে ছিল পরিবেশ সুরক্ষা বিষয়ে এক বৈঠক। সেখানে দুর্গাপুরের বিভিন্ন কল কারখানার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পূণ্যমবলম এর উপস্থিতিতে দুর্গাপুরের দূষণ প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই কেক কেটে পালন করা হয় ১৯৮৩ সালে ২৫ জুন ভারতের বিশ্বকাপ ক্রিকেট জয়ের সেই ঐতিহাসিক ঘটনাকে। কীর্তি আজাদ সেই সময়ের স্মৃতি তুলে ধরেন।
কেক কেটে ভারতের বিশ্বকাপ ক্রিকেট জয়ের ৪২ তম বর্ষ পালন করলেন সাংসদ কীর্তি আজাদ
