সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের অন্যতম ব্যস্ত ওবং পুরাতন বাজার বেনাচিতির সবজি মার্কেটে ঘুরছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচমকা এই দৃশ্য দেখে বাজারের দোকানদার ও ক্রেতারা অবাক হয়ে যান। এরপরই বাজারের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায়। পল্টু ধীবর নামে এক মাছ ব্যবসায়ী এগিয়ে এসে রাজ্যপালকে রজনীগন্ধার মালা পড়িয়ে দিতেই আপ্লুত হয়ে পড়েন রাজ্যপাল। তিনি সবজি বাজার থেকে কিছু সবজি কেনেন এবং দোকানদারদের সঙ্গে কথা বলেন। এমনকি একটি দোকানে তিনি চাও খান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বললেন,“আমি এখানে এসেছি বাজারটা নিজের চোখে দেখতে। সরকারি ফাইলের রিপোর্টে যা লেখা থাকে, বাস্তবের সঙ্গে তার ফারাক অনেক। মানুষের মুখে শোনা কথাই সবচেয়ে নির্ভরযোগ্য। এই অভিজ্ঞতা থেকে আমি এমন কিছু শিখেছি, যা রাজভবনকে জনতার দরজায় পৌঁছে দেবে। রাজভবন হবে ‘জন রাজভবন’ ”। তিনি আরও বলেছেন,“ছোট বিক্রেতাদের যে লড়াই, সেটার কথা সরাসরি শুনে বুঝতে পারলাম। সরকারি দপ্তরে বসে নয়, মানুষের মাঝে এসে তবেই আসল ছবি ধরা পড়ে”। আসলে শুক্রবার সকালের দিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ঝাড়খন্ড যাওয়ার জন্য অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন। সেখানে তাঁকে সংবর্ধনা জানাতে হাজির ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতির ঝাড়খন্ড চলে যাওয়ার পরই রাজ্যপাল সরাসরি চলে আসেন বেনাচিতি বাজারে। রাজ্যপাল বেনাচিতি বাজার থেকে সার্কিট হাউসে যান সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।
দুর্গাপুরের বেনাচিতি বাজারে হটাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোস
