জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ সরকারের বিদায় সংবর্ধনা সভা

সংবাদদাতা,আসানসোল : কর্মজীবন থেকে অবসর নিলেন পশ্চিম বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দেবাশীষ সরকার। এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে ছিল নব নিযুক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সন্দীপ কুমার মালিকের যোগদান পর্বও। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠানটি হয়। পশ্চিম বর্ধমান জেলার ১৫টি চক্র থেকে আগত পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যদের নিয়ে অনুষ্ঠানটি হয়। সদ্য অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ বাবুর কথায় আধিকারিকদের সঙ্গে সাংগঠনিক নেতৃত্বদের অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক ফুটে ওঠে কিন্তু এই জেলার ক্ষেত্রে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন এবং সম্পর্কটা ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।তিনি জানান,জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে কর্মজীবনের শেষ দিনগুলো তার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সংগঠনের জেলা সভানেত্রী দেবারতি সিনহা বলেন, জেলা বিদ্যালয় পরিদর্শক আমার অভিভাবক সম ছিলেন। তাই ওনার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে মন ভারাক্রান্ত। তবু কালের নিয়মে সবাইকেই একদিন তার কর্ম জীবন শেষ করতে হয়। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার অবসর জীবনে দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী দেবারতি সিনহা কার্যকরী সভাপতি সৈয়দ আশিক আলী, আশীষ মাঝি, রাজেশ সামন্ত, রঞ্জন সাহা, অপূর্ব চ্যাটার্জী, সরজিত ঘোষ,সুমনা পাল কোনার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *