সংবাদদাতা, দুর্গাপুর: তিনদিনের সি বি এস ই ফার ইস্ট জোন বকসিং টুর্নামেন্ট শুরু হলো দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায়, ডিএভি মডেল স্কুলের প্রধান পাপিয়া মুখোপাধ্যায়, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জইনুল হক, সমাজকর্মী নিখিল নায়েক সহ শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। টুর্নামেন্ট চলবে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, বিগত বছরের তুলনায় এবছর এই বক্সিং প্রতিযোগিতায় এই রাজ্য সহ ছত্তিশগড়,ওডিশা, আসাম, মেঘালয়ের সিবিএসই অনুমোদিত মোট ৬৫টি স্কুলের ১৪০-এর বেশি পড়ুয়া অংশগ্রহণ করছে।

স্কুল প্রাঙ্গণে গেমস ভিলেজে প্রতিযোগী সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, কোচ, টিম ম্যানেজার মিলে প্রায় ১০০ জনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বালক এবং বালিকা উভয়ের ক্ষেত্রে অনূর্ধ্ব১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ মিলে মোট তিনটি করে বিভাগ রাখা হয়েছে। তিনি আরও জানান, এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বয়স ও ওজন ভিত্তিক বিভিন্ন বিভাগের উইনার্স সহ ফার্স্ট রানার্স আপ রা হরিয়ানায় অনুষ্ঠিত সিবিএসসি ন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে অংশ নেবে। সেখানে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় সফলরা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া স্তরে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায় বলেন, ফুটবল, ক্রিকেটের পাশাপাশি বক্সিং, তীরন্দাজির মতো খেলাধুলায় আকর্ষণ বাড়ছে পড়ুয়াদের। ইতিমধ্যেই দুর্গাপুর পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১৫-১৬ জন পড়ুয়া বিভিন্ন প্রতিযোগিতায় সফল হয়েছে।
