সংবাদদাতা, দুর্গাপুর: লোকসংখ্যার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে বেড়েছে দু চাকা চার চাকা গাড়ির সংখ্যাও। তাই পথ নিরাপত্তা সবার কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের ট্রাফিক বিভাগ সর্বদাই এই কাজে নিযুক্ত রয়েছে। রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা নিয়ে বিশেষ প্রকল্প নিয়েছে যার নাম সেভ ড্রাইভ সেফ লাইফ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও সারা বছর নানা কর্মসূচির পাশাপাশি এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। এবার ১ জুলাই থেকে সারা রাজ্যে বিশেষ পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের পর দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও বুধবার এই কর্মসূচি পালন করা হয়েছে। এর লক্ষ্য হল পথ দুর্ঘটনা আটকাতে ও পথ দুর্ঘটনায় যাতে একটি মানুষেরও মৃত্যু না ঘটে , এর পাশাপাশি দুই চাকা ও চার চাকা গাড়ি চালকদের হব সময় হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করার বিষয়ে সচেতন করা। এদিন এই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রা থেকে গাড়ি চালানোর সময় হেলমেট ও সিটবেল ব্যবহার করা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো , ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো সহ একাধিক সচেতনতার প্ল্যাকার্ড হাতে নিয়ে বেশ কয়েকটি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা ট্রাফিক বিভাগের আধিকারিদের ও কর্মীদের সাথে পায়ে পা মেলান।

এই সচেতনতা পদযাত্রাটি গান্ধী মোড় ওভারব্রিজের নিচে এসে শেষ হয় । এছাড়াও পথ ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কর্মসূচি । ট্রাফিকের আধিকারিকেরা সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করেন এবং গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানান। এর পাশাপাশি বেশ কয়েকজনকে ভালো কাজের জন্য ট্রাফিক এর পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। ছিল পথ নিরাপত্তা নিয়ে একটি পথনাটিকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের
এ সি পি ট্রাফিক থ্রি (৩) রাজকুমার মালাকার, ট্রাফিক ফোর ( ৪) সন্তোষ ভগত , ট্রাফিক থ্রি (৩) সঞ্জীব তেওয়ারি, ওসি দুর্গাপুর ট্রাফিক গার্ড সন্দীপ সোম , দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড ওসি আমিনুর রহমান খান , মুচিপাড়া ট্রাফিক গার্ড ওসি সতীনাথ শীল, কাঁকসা ট্রাফিক গার্ড ওসি অনুপ কুমার হাটি , বুদবুদ ট্রাফিক গার্ড ওসি চিরঞ্জিব গুহ রায় , ফরিদপুর আই.সি. মদন মোহন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
