সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের রূপকার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে দুর্গাপুর নগর নিগমের প্রবেশ পথের সামনে শিলান্যাস হলো ডঃ বিধান চন্দ্র রায়ের মূর্তির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখী তিওয়ারি, ধর্মেন্দ যাদব, পুর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ বিশিষ্ট জনেরা।

সকলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “পুর নিগমের ঐকান্তিক ইচ্ছা ছিল দুর্গাপুর তথা বাংলার রূপকারের একটি আবক্ষ মূর্তি, তাঁর জন্ম তথা মৃত্যুদিনে উন্মোচন করা। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই এদিন সেই কাজের শিলান্যাস করা হল। মূর্তি তৈরি হলেও ভালো দিন দেখে সেটি উন্মোচন করা হবে। মূর্তিটি বসানো হয়ে গেলে, দুর্গাপুর পুর নিগমের ঢোকার আগে সকলে অন্তত একবার তাঁকে প্রণাম করে ঢুকবেন। আর সেটাই হবে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন।”
