সংবাদদাতা,দুর্গাপুরঃ গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার বার্তা দিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর বিশেষ কর্মসূচি। রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সগড়ভাঙা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এখানে গাড়ির চালককে হেলমেট পড়া এবং সাধারন যাত্রীদের ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপারের বার্তা দেওয়া হয়। সাত দিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি ট্রাফিক প্রদীপ মন্ডল। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদীপ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক (৩) রাজ কুমার মালাকার, ওসি মুচিপাড়া ট্রাফিক সতীনাথ শীল, ওসি দুর্গাপুর ট্রাফিকগার্ড সন্দীপ সোম, ওসি সাব ট্রাফিক আমিনুর রহমান সহ ট্রাফিক আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা। কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। তাদের হাতে ছিল পথ নিরাপত্তা বিষয়ে নানা বার্তা দেওয়া পোস্টার।
