সংবাদদাতা,দুর্গাপুরঃ ১৯৪২ সালে ফরিদপুর প্রাইমারি স্কুলটি স্থাপিত হয় বর্তমান সময়ে স্কুলটির শ্রেণিকক্ষ গুলির অবস্থা একেবারেই বেহাল অবস্থায় চলে গিয়েছিল। ফলে এখানে পঠনপাঠন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষের তরফে দুর্গাপুর পুরসভার কাছে স্কুল ভবন সংস্কার করার আবেদন জানানো হয়েছিল। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়ে পুরসভার তরফে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায়ে স্কুল ভবনের সাতটি শ্রেণী কক্ষ নতুন করে তৈরী করে দেওয়া হয়েছে। গত ২৬ জুন সেই নতুন শ্রেণী কক্ষগুলির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।

তার সঙ্গে এখানে উপস্থিত ছিলেন পুরসভার নির্মান বিভাগের আধিকারিকরা এবং স্কুলের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও। প্রায় ভগ্নদশা স্কুল ভবনটি পুনরায় সংস্কার করার উদ্যোগের জন্য স্কুলের তরফে অনিন্দিতা মুখোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানান শিক্ষকশিক্ষিকা ও অভিভাবকরা। একই সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে স্কুলের জন্য দুটি কম্পিউটার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
