সংবাদদাতা ,দুর্গাপুর:- রবিবার পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পান্নাভালাম এস দুর্গাপুর শহরের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে বৈঠক করেন। মূলত ভোটার এনুমারেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে কীভাবে ডিজিটাইজেশন আরও কার্যকরভাবে প্রয়োগ করা যায়, তা নিয়েই আলোচনা হয়।জেলাশাসক উপস্থিত কর্মীদের জানান, ভোটারদের যেন দ্রুত এনুমারেশন ফর্ম জমা দিতে উৎসাহিত করা হয়, সে বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিতে হবে।

পাশাপাশি তিনি প্রত্যেকটি বুথ এলাকায় সচেতনতা বাড়ানোর উপরও জোর দেন।এদিন তিনি বিশেষভাবে পরিদর্শন করেন, ২৭৭ বিধানসভা কেন্দ্রের ২০৭ নং বুথের বাবা ওয়ারিয়া এফ.পি. স্কুল এবং ২০১ থেকে ২০৬ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রের পলাশডিহা উচ্চ বিদ্যালয়।
এছাড়া তিনি প্রতিটি বুথে কাজের অগ্রগতি, ফর্ম জমার গতি এবং বিএলওদের মাঠপর্যায়ের কার্যক্রমও খতিয়ে দেখেন।ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধন ও নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার হলে সাধারণ মানুষের সময় বাঁচবে, প্রশাসনের কাজও আরও স্বচ্ছ ও সুসংগঠিত হবে এদিন এমনই বার্তা দিলেন জেলাশাসক পান্নাভালাম এস। রবিবারের এই পরিদর্শন কার্যত দুর্গাপুরে দ্রুত, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর ভোটার পরিষেবা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা যেতে পারে।
