পানাগড়, অন্ডাল, আসানসোলে নতুন শিল্পতালুক, বাঁকুড়া পুরুলিয়ায় বড় বিনিয়োগের পথে রাজ্য

সংবাদদাতা , দুর্গাপুর : দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শুক্রবার অনুষ্ঠিত হল পূর্ব, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের অগ্রগতি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ‘সিনার্জি সম্মেলন’। চার জেলার শিল্পপতি, উদ্যোক্তা এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে শিল্প সমস্যার সমাধান, নতুন শিল্প আনয়ন এবং বিদ্যমান প্রকল্পের উন্নয়নই ছিল সম্মেলনের মূল লক্ষ্য।উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা,পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পাশাপাশি চার জেলার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক আধিকারিকরা।
সভায় জানানো হয়—(ক) পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে একাধিক নতুন শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে।(খ) পানাগড়, অন্ডাল ও আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে।(গ)পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় শালপাতা শিল্প, হস্তশিল্প এবং ক্ষুদ্র-মাঝারি কারখানার নতুন ক্লাস্টার গড়ে তোলার কাজ চলছে।(ঘ)পুরুলিয়ায় ৯০ কোটি, বাঁকুড়ায় ৪৫৯০ কোটি, এবং পূর্ব বর্ধমানে ৫৯০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়।এদিন বেশ কয়েকজন উদ্যোক্তার হাতে বিভিন্ন প্রকল্পে দ্রুত কাজ শুরু করার উদ্দেশ্যে ঋণ অনুমোদন ও হস্তান্তর করা হয়।
সিনার্জি সম্মেলন শুধু অভিযোগ ও সমস্যার তালিকা তৈরি করেই থেমে থাকেনি, বরং শিল্পোন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অঞ্চলের কর্মসংস্থান বাড়াতে বাস্তবসম্মত রোডম্যাপও উপস্থাপন করেছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া ও পুরুলিয়ার শিল্পনৈতিক ভবিষ্যৎ আরও সুদৃঢ় করার প্রত্যয়েই এই সম্মেলন আগামী দিনের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশা শিল্পমহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *