সংবাদদাতা,দুর্গাপুরঃ এক দাগি দুষ্কৃতিকে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার রাতের দিকে দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে জিঙ্গাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জর করেন। এরপর ধৃত বাদশা খান নামে ওই দুষ্কৃতিকে জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে পারে গত ১৬ মে রেল কলোনির একটি ফাঁকা বাড়িতে সেই তালা ভেঙে চুরি করেছে। সে ক্ষুদিরাম কলোনিতে একটি ভাড়া বাড়িতে থাকে বলে পুলিশকে জানায়। এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশি। বাড়ির সামনেই একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায়।

পুলিশ চুরি যাওয়া সোনারুপোর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে। জানা গেছে, একটি লোহার রড সে সবসময় বাইকের সঙ্গে বেঁধে রাখত। সেই রড দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যে কোন বন্ধ বাড়ির তালা ভেঙে ফেলতে সে বেশ পারদর্শী। পুলিশের কাছে সে স্বীকার করেছে যে তার সঙ্গে সবসময় একটি লোহার রড থাকে। এটি দিয়ে সে যে কোনো বাড়ির তালা খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে ফেলতে পারে। শুধু ফাঁকা বাড়িতে চুরিই নয়,একই সঙ্গে সে বাইক চুরির ঘটনায় অনেক আগে রানিগঞ্জ পুলিশের হাতে ধরা পড়েছিল। এছাড়াও বিহারের বিভিন্ন থানায় বাইক চুরির অভিযোগ রয়েছে তার নামে।
