পাণ্ডবেশ্বরের প্রচারে সম্প্রীতির বার্তা মন্দির থেকে মাজার, সর্বত্র নরেন্দ্রনাথ চক্রবর্তী

কাজল মিত্র, : নির্বাচনী প্রচারের প্রথম থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির সুরকে সামনে রেখেছেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সোমবার সেই ছবি আরও স্পষ্ট হলো পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে। কেন্দ্রা অঞ্চলের ছাতাধাওরায় পৌঁছে প্রথমে মহাদেবের পুজো দিয়ে দিনের প্রচার শুরু করেন তিনি। তারপর পায়ে হেঁটে ছাতাধাওরা মাজারে গিয়ে চাদর চাপিয়ে আগামীর নির্বাচনে সাফল্যের কামনা করেন।


সপ্তাহের শুরুর দিনেই কেন্দ্রা অঞ্চলের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে জনতার সঙ্গে আলাপচারিতা, হাসিমুখে শুভেচ্ছা বিনিময় এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে প্রচারে গতিবেগ আনেন নরেনবাবু। প্রচারযাত্রা এগোতেই বিভিন্ন পাড়ায় দেখা যায় স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস কারও মাথায় হাত রেখে আশীর্বাদ, কোথাও মালা-উত্তরীয় পরিয়ে স্বাগত, আবার কোথাও প্রার্থীর ওপর পুষ্পবৃষ্টি। এলাকার বহু তরুণ-তরুণী মোবাইল হাতে ভিড় জমিয়ে সেলফি তুলতেও উৎসাহী।
প্রচারমঞ্চ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য, আমাদের দেশ ধর্মের দেশ। আমি নিজেও ধার্মিক পরিবারের সন্তান। তাই নির্বাচনী প্রচারের শুরুতেই মন্দিরে গিয়ে শিবের অর্চনা করেছি, আবার আমার অভিভাবকতুল্য বুড়ো পীর সাহেবের মাজারেও চাদর চাপিয়েছি।প্রচার ঘিরে সাধারণ মানুষের ভিড়ে সোমবার কেন্দ্রা অঞ্চলে তৈরি হয়েছিল উৎসবের আবহ। দিনের শেষ পর্যন্ত জনজোয়ার ছিল অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *