সংবাদদাতা,দুর্গাপুরঃ সামনেই মেয়ের বিয়ের অনুষ্ঠান। তাই সোনার গহনা সহ প্রয়োজনীয় বেশ কিছু দানসামগ্রী কিনে রেখেছিলেন দুর্গাপুরের এ জোন পুলিশ ফাঁড়ির অধীন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পাল। কিন্তু,গত ২৮ মে যখন তিনি বাড়িতে ছিলেন না,সেই সুযোগে দুষ্কৃতিরা ফাঁকা বাড়ির তালা ভেঙে সেই সব সামগ্রী সহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা পর বাড়ি ফিরে ঘরের লন্ডভন্ড অবস্থা দেখে মাথায় হাত পড়ে মধুমিতা দেবীর। সব কিছু এভাবে চুরি হয়ে যাওয়ায় কিভাবে মেয়ের বিয়ে দেবেন তা নিয়ে চরম দুঃশ্চিন্তায় পড়ে যান।পুরো ঘটনাটি তিনি এ জোন ফাঁড়িতে গিয়ে জানিয়েছিলেন।এরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনার তদন্তে নামে এবং অবশেষে দুই ব্যক্তিকে গ্রেফতার সহ চুরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে শনিবার এক সাংবাদিক বৈঠক করে পুলিশ প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন এসিপি(দুর্গাপুর) সুবীর রায়,সিআই রণবীর বাগ,দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে এবং এ জোন ফাঁড়ির আধিকারিক রমজুর রহমান। পুলিশ কর্তারা জানান,এ জোন ফাঁড়ির ইনচার্জ রমজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে তদন্ত চালানো হয়। গত ২ জুন স্থানীয় নিশানহাট এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয় এবং তাকে জেরা করে এই এলাকার আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরাতে চুরির ঘটনা তারা স্বীকার করে নেয়। তাদের কাছ থেকে চুরির সামগ্রীও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ। মধুমিতা পাল একটি বেসরকারী সংস্থায় কাজ করেন এবং তার মেয়ে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। অবশেষে বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীর হদিশ মেলায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মধুমিতাদেবী।
ফাঁকা বাড়ি থেকে চুরি যাওয়া বিয়ের সামগ্রী অবশেষে উদ্ধার করল পুলিশ
