কাজোড়ায় জমি বিবাদে তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগ

সংবাদদাতা,দুর্গাপুরঃ জমির মালিকানা সংক্রান্ত বিবাদের ঘটনায় এক তৃণমূল নেতাকে হেনস্থা করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানায়। জানা গেছে,কাজোড়ার একটি মৌজার উপর জমিতে নির্মাণ কাজ চলছিল। সেটা জানতে পেরে ওই জমির বৈধ মালিক ও তার লোকজন সেখানে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। নির্মাণকারীরা দাবি করে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। জমিটি তারা কিনে নিয়েছে। এনিয়ে দুপক্ষের মধ্যে বচসা চললে উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় সেখানে অন্ডাল থানার পুলিশ হাজির হয়।পুলিশের কথা মতো দুই পক্ষই থানায় যায়।

অভিযোগ সেখানে তৃণমূলের ব্লক সহসভাপতি মলয় চক্রবর্তীকে সেলের ভিতরে ঢোকার নির্দেশ দেন এক পুলিশ আধিকারিক। এই খবর জানার পরই থানায় গিয়ে বিক্ষোভ দেখায় মলয়বাবুর অনুগামীরা।পরে অবশ্য মলয়বাবুকে পুলিশ ছেড়ে দেয়। কিন্তু কেন তাকে এভাবে হেনস্থা করা হল তা নিয়ে থানার সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে মলয়বাবুর অনুগামীরা।প্রসঙ্গত,খনি শিল্পাঞ্চলের অনেক জায়গাতেই জমি নিয়ে নানা অভিযোগ উঠছে। প্রকৃত মালিকদের জমি নানা কৌশলে হাতিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষিতে জমির মালিকরা নিজেদের জমি রক্ষায় ‘জমি রক্ষা কমিটি’ গড়ে তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *