সংবাদদাতা, দুর্গাপুর: দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে শহর দুর্গাপুরেও মুসলিম ধর্মের মানুষরা শহরের বিভিন্ন প্রান্তে মসজিদ ও ঈদগাহে কোরবানির নামাজ পাঠ করে। বিগত বছরের মতো এবছরও দুর্গাপুরে এক ব্যতিক্রমী ছবি দেখা গেল ইস্পাত নগরীর আকবর রোডে। সামনেই বাংলার এক বড় উৎসব রথযাত্রা। অন্যান্য শহরের মতো দুর্গাপুরেও এই উৎসব বেশ ধূমধামের সঙ্গেই পালিত হয়। দীর্ঘ চার দশক ধরে শহরের চিত্রালয় ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে রথের মেলা,যা অত্যন্ত জনপ্রিয়। এর পাশাপাশি বিগত তিন বছর ধরে ইস্পাত নগরীর এজোনের আকবর রোড ময়দানেও রথ উৎসব শুরু হয়েছে। এর পরিচালনায় রয়েছে দুর্গাপুরের ইসকন মন্দির সংস্থা। এই মাসেই রথযাত্রা তাই ইসকন কমিটি ইতিমধ্যেই সেই রথ উৎসবের মেলার প্রস্তুতির জন্য আকবর ময়দানে বাঁশের কাঠামোসহ অন্যান্য কাজ শুরু করেছে। কিন্তু, এই মাঠেই বহু বছর ধরে ঈদের নামাজ পড়তে আসেন শহরের মুসলিম ধর্মালম্বীরা। মেলার প্রস্তুতির কারনে মাঠের চারিদিক বাঁশ ও বাঁশের কাঠামোয় ভর্তি থাকায় নামাজ কিভাবে পড়া হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় দুর্গাপুরের আকবর রোডের ঈদগা কমিটি।

অবশেষে নামাজ কমিটির পক্ষ থেকে রথ উৎসবের প্যান্ডেলের নিচে নামাজ পড়ার জন্য আবেদন করেন ইসকনের প্রধান সেবায়েত ওধ্যাজ্যচন্দ্র দাসের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে রথের মেলার প্রস্তুতির মাঠে বাঁশের কাঠামোর উপর ত্রিপল টাঙানোর ব্যবস্থা করে দেন ইসকন কর্তৃপক্ষ। আর সেখানেই এলাকার মুসলিম ধর্মের মানুষরা তাদের পবিত্র বকরি ঈদের নামাজ পড়লেন। বাস্তবিকই এই ছবি মানবতার এক প্রতীক হয়ে রইল দুর্গাপুরের বুকে। ইসকন কর্তৃপক্ষের এই ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আকবর রোড ইদগা কমিটি। আগামী দিনে ইসকনের যে কোনো কাজে তাদের সহযোগিতা করার জন্য তারাও এগিয়ে আসবেন বলে জানিয়েছে কমিটি। দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক এনাদের পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা জানাই।
