সংবাদদাতা,দুর্গাপুরঃ রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার উদ্যোগে ডিপিএল কলোনীর শ্রেয়সী হলে ‘উৎসর্গ’ নামাঙ্কিত কর্মসূচীর আওতায় রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৮৯ জন রক্তদান করেছেন। পুলিশ কর্মচারী ও সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্লাবের সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরের সঙ্গেই ছিল বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষার শিবিরও। এছাড়াও কোক ওভেন থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের থানার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার,দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী,এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত,এসিপি (দুর্গাপুর পূর্ব) সুবীর রায়,আইনজীবী আইয়ুব আনসারী প্রমূখ। কোকওভেন থানার ভারপ্রাপ্ত অফিসার মইনুল হক সকল রক্তদাতা ও অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, রক্তদান শিবিরটি পরিচালনায় সাহায্য করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা এবং রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার।
কোক ওভেন থানায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা
