সংবাদদাতা,দুর্গাপুর: শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টার। এই এলাকায় রয়েছে দুর্গাপুরের অন্যতম ব্যস্ত এক প্রেক্ষাগৃহ সৃজনী। কিন্তু দীর্ঘদিন ধরেই এলাকাটি অন্ধকারে ডুবে ছিল। সন্ধ্যার পর এই এলাকা থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় তাই চলাচল করতে অসুবিধা হতো। অবশেষে এই গুরুত্বপুর্ণ রাস্তায় আলোর ব্যবস্থা করল দুর্গাপুর পুরসভা কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় সৃজনী প্রেক্ষাগৃহ সংলগ্ন নজরুল সরণি থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকার ক্ষুদিরাম মূর্তি পর্যন্ত মোট ৫৪টি সুসজ্জিত পথবাতির উদ্বোধন করেন নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, ধর্মেন্দ্র যাদব, রাখী তেওয়ারি সহ অন্যান্যরা। এ ব্যাপারে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এর আগে সৃজনী প্রেক্ষাগৃহের সামনের রাস্তায় ত্রিফলা আলোকস্তম্ভ লাগানো হয়েছিল। কিন্তু সেগুলি ঠিকঠাক কাজ করছিল না। ফলে সৃজনীর সামনের নজরুল সরনি অধিকাংশ সময়ে অন্ধকারে ডুবে থাকত। তাই পর্যাপ্ত আলোর লক্ষ্যে প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকা ব্যয়ে সৃজনীর সামনে থেকে শহীদ ক্ষুদিরামের মূর্তি পর্যন্ত মোট ৫৪টি সুসজ্জিত পথবাতির লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রাস্তা সংস্কারের দরুন ৭টি পথবাতি লাগানো যায়নি। আগামীদিনে এই পথবাতিগুলিও লাগিয়ে দেওয়া হবে বলে।
