সংবাদদাতা,দুর্গাপুরঃ দীর্ঘ দিনের দাবি মেনে বেনাচিতির প্রান্তিকায় শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা মন্দিরের আশ্রমে একটি জলাধার নির্মাণ করে দিল দুর্গাপুর পুরসভা। বুধবার এই জলাধারের উদ্বোধন করেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রাখী তেওয়ারী ও ধর্মেন্দ্র যাদব। অনিন্দিতা বলেন,এখানে একটি মন্দির রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে একটি আশ্রমও।

কিন্তু এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা ছিল না। আশ্রমের পক্ষ থেকে অনেকদিন ধরেই একটি জলাধার করে দেওয়ার আবেদন করা হয়েছিল। অবশেষে সেটা করতে পেরে আমরা খুশি। তিনি আরও জানান,প্রান্তিকা বাসস্ট্যান্ড এলাকায় বাস,টোটো,অটো চালক ও যাত্রী সাধারনের ভীড় লেগেই থাকে। তারাও এই গ্রীষ্মে এই জলাধার থেকে পানীয় জল পান করতে পারবে।আশ্রমের পক্ষে শ্যামসুরানন্দ গিরি মহারাজ বলেন,এই জলাধার তৈরী হওয়ায় শুধু আশ্রমবাসীরাই নয়,এখানকার পথচলতি মানুষদেরও উপকার হবে। তিনি পুরসভাকে এই কাজের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সারা বছর আশ্রমের তরফে বিভিন্ন কল্যাণমূলক কাজ করা হয়ে থাকে। সকলের সহযোগিতা পেলে আরও ভালো কাজ করা সম্ভব হবে। উল্লেখ্য,জলাধারটি নির্মাণে ৭০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
