সংবাদদাতা,দুর্গাপুরঃ কাশ্মীরে নৃশংস জঙ্গী হানায় প্রান হারিয়েছেন একদা দুর্গাপুরের বাসিন্দা বিতান অধিকারী। মঙ্গলবার দুপুরে অন্যান্য পর্যটকদের সঙ্গে স্ত্রী ও তিন বছরের সন্তানকে নিয়ে কাশ্মীরের পহেলগাওয়ের কাছে বৈসরনে বেড়াতে গিয়েছিলেন বিতান। সেখানে প্রচুর পর্যটকের সঙ্গে প্রাকৃতিক শোভা উপভোগ করছিলেন সপরিবার বিতানও। হটাৎই শুরু হয় বুলেট বৃষ্টি। আর তাতেই মৃত্যু হয়েছে মোট ২৬ জন পর্যটকের। তাদেরই অন্যতম হলেন বিতান।জানা গেছে, বিতানের জন্ম দুর্গাপুরে। এখানে তিনি সেকেন্ডারি রোডে থাকতেন। হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পাঠ শুরু করে শিবাজি রোড হাই স্কুলের গণ্ডি অতিক্রম করেন। অত্যন্ত মেধাবী বিতান অধিকারী দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আইটি পাস করে টিসিএসে লোভনীয় চাকরি পান। কর্মসূত্রে থাকতেন আমেরিকার ফ্লোরিডায়। সেখান থেকেই পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। জানা গেছে, মৃত্যুর কয়েক ঘন্টা আগেও কলকাতার বেহালাতে বৃদ্ধ মা বাবার সাথে কথাও হয়েছিল বিতানের। এই মর্মান্তিক খবরে দুর্গাপুরে তার বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। ফেসবুক গ্রুপেও কাশ্মীরের এই জঘন্য জঙ্গী হানার নিন্দার ঝড় উঠেছে। দাবি উঠেছে অবিলম্বে খুনি জঙ্গীদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে। বন্ধ করতে হবে এই ধরনের নির্মম জঙ্গী হানা।
কাশ্মীরে জঙ্গী হানায় নিহত দুর্গাপুরের বিতান অধিকারী
