সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফের এক প্রসূতির মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ ও অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়ালো। এই পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। মৃতের পরিবারের অভিযোগ,চিকিৎসায় গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে প্রসূতীর। ইতিমধ্যেই ঘটনার জন্য তদন্ত কমিটি গড়া কথা বলেছেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল। জানা গেছে, কাঁকসার বিদবিহারের বাসিন্দা লক্ষ্ণী মূর্মূ (২২) কে প্রসব যন্ত্রনার জন্য মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার তিনি এক সন্তানের জন্ম দেন এবং সুস্থ ছিলেন। এরপর রাতের বেলা তার পেটে যন্ত্রনা শুরু হলে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। পরিবারের অভিযোগ তারপর থেকেই লক্ষ্মীর শারিরীক অবস্থার অবনতি হতে থাকে এবং তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবার ও প্রতিবেশী লোকজনেরা। মৃতের বাবা রুপচাঁদ হেমব্রম এবং তার পরিবারের অভিযোগ ভুল ইঞ্জেকশনের কারনেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে। অবিলম্বে দোষীর শাস্তি চেয়ে তারা বিক্ষোভ দেখান। সুপার বলেছেন, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়া হবে। তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার হাসপাতালে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তিনিও ভুল ইঞ্জেকশনের বিষয়টি নিয়ে সুপারের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।
প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে
