সংবাদদাতা,দুর্গাপুরঃ ২১ জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। দুর্গাপুর নগর নিগমের ডাঃ বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হলে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক এস পোন্নামবালাম, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি,পুরসভার কমিশনার প্রমূখ। প্রসঙ্গত,দুর্গাপুরের প্রয়াত বিশিষ্ট শ্রমিক নেতা প্রাক্তন কংগ্রেস সাংসদ আনন্দগোপাল মুখোপাধ্যায়ের পুত্রবধূ হলেন অনিন্দিতা। তিনি একজন সঙ্গীত শিল্পী।

স্বামী অপূর্ব মুখোপাধ্যায় রাজনীতির মানুষ হলেও তিনি ছিলেন মূলত গৃহবধূ। সংসারের সঙ্গেই গানবাজনার চর্চা নিয়েই থাকতেন। এরপর এক সময় হটাৎই পুরসভার নির্বাচনে তাকে প্রার্থী করে তৃণমূল এবং নির্বাচনে জেতার পর থেকেই যুক্ত হয়ে পড়েন রাজনীতির সঙ্গে। বর্তমানে তিনি পুরসভার মুখ্য শাসকের দায়িত্ব পালনের সঙ্গেই নিজের সঙ্গীত চর্চাও চালিয়ে যাচ্ছেন। উক্ত অনুষ্ঠানে তার গান শুনতে হাজির হয়েছিলেন অনেক সঙ্গীতানুরাগী।
