সংবাদদাতা,দুর্গাপুরঃ বর্তমান শিক্ষা ব্যবস্থায় উপযুক্ত গাইডেন্স এক গুরুত্বপূর্ণ দিক। সেদিকে লক্ষ্য রেখেই দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল জেআইএস এডুকেশন এক্সপো ২০২৫। এই দুর্গাপুর সংস্করণে একই ছাদের নিচে ছিল পড়াশোনা আর ক্যারিয়ার গাইডেন্স এর ব্যবস্থা। এখানে অংশ নিয়েছিল পশ্চিম বর্ধমান,বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুল। শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার এক সার্থক মঞ্চ হয়ে উঠেছিল জেআইএস এডুকেশন এক্সপো ২০২৫। জেআইএস গ্রুপের এডুকেশনাল ইনিশিয়েটিভস-এর এই উদ্যোগে ছাত্রছাত্রী,অভিভাবক এবং শিক্ষকেরা একত্রে এসে শিক্ষা ও ভবিষ্যৎ পেশাগত দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিশা ও পরামর্শ পেয়েছেন। সারা দিনজুড়ে বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব এবং মতবিনিময় সভার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন। এই এক্সপোতে জেআইএস গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের ডিপ্লোমা,স্নাতক,স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সগুলির বিশদ তথ্য তুলে ধরেছে।

প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্টলে শিক্ষক, ক্যারিয়ার কাউন্সেলর ও একাডেমিক অ্যাডভাইজারদের উপস্থিতির মাধ্যমে সরাসরি কথোপকথনের একটি সহায়ক পরিবেশ তৈরি করেছিল। ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ব্যক্তিগতভাবে পরামর্শ গ্রহণের সুযোগ পেয়ে তাদের আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত কোর্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও সুস্পষ্ট ও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছেন। এক্সপোর বিশেষ আকর্ষণ ছিল অংশগ্রহণকারী তিনটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা। অনুষ্ঠানে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরণজিৎ সিং বলেছেন, “জেআইএস এডুকেশন এক্সপো ২০২৫ আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে গুণগত শিক্ষাকে সহজলভ্য করে তোলা হয়। কলকাতার পর দুর্গাপুরেও ভাল সাড়া পেয়ে আমরা সন্তুষ্ট। এই এক্সপোর মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং তাদের ক্যারিয়ার গঠন করতে সাহায্য করছি।”
