সংবাদদাতা, দুর্গাপুর: বাংলার জনপ্রিয় এক উৎসব হল রথযাত্রা। প্রতি বছর এই উৎসব ঘিরে শিল্প শহর দুর্গাপুরও মেতে ওঠে। ইতিমধ্যে এই উৎসব যাতে নির্বিঘ্নে করা যায়, তার জন্য রথ কমিটি গুলির সঙ্গে বিশেষ বৈঠক করেছে দুর্গাপুরের পুলিশ প্রশাসন। যে সব রাস্তা দিয়ে রথ যাবে সেই সব রাস্তায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে দুর্গাপুরের ইসকনের রথ নিয়ে কিছুটা বাড়তি আকর্ষণ দেখা দিয়েছে।

কারণ, পুরীর জগন্নাথ দেবের রথ যাত্রার মত এবারে দুর্গাপুর ইসকনের রথযাত্রায় থাকছে তিনটে ভিন্ন ভিন্ন রথ।ইসকনের দুর্গাপুর শাখার তরফে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, ২৭ শে জুন বেলা সাড়ে ১১ টায় দুর্গাপুর ইসকন মন্দির থেকে রথ যাত্রা শুরু করে আশীষ মার্কেট, রামকৃষ্ণ এভিনিউ, এস এন ব্যানার্জি রোড ধরে ধান্দাবাগ, কনিষ্ক, পাঁচমাথা মোড় হয়ে আকবর রোড গার্লস স্কুলের ময়দানে গুণ্ডিচা মন্দিরে প্রবেশ করবে। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন ইসকন দুর্গাপুরের প্রধান প্রভু ওদার্য্য মহারাজ। আকবর রোড স্কুলের মাঠে মাসির বাড়ি থাকবেন প্রভু জগন্নাথ উল্টো রথ ৫ ই জুলাই পর্যন্ত। উল্টো রথে একই অভিমুখে যাত্রা করে ইসকন মন্দিরে ফিরবেন।
