নিজস্ব সংবাদদাতা অণ্ডাল:- বয়স শুধুই একটা সংখ্যা। ইচ্ছা আর আত্মবিশ্বাস থাকলে র্যাম্প যে কারও। এই বার্তাই দিল অণ্ডাল। রবিবার সন্ধ্যায় অণ্ডাল বাজার সংলগ্ন একটি বেসরকারি ম্যারেজ হলে জাঁকজমকের সাথে আয়োজিত হল, “বাংলার সেরা মুখ” নামের বিশেষ র্যাম্প শো।এই অনুষ্ঠানের সবচেয়ে বড় বিশেষত্ব হল, অণ্ডালে এই প্রথমবার শিশু, যুবতী এবং বিবাহিত মহিলাদের একসাথে নিয়ে র্যাম্প শো আয়োজিত হল। গোটা অনুষ্ঠানের নেপথ্যে রয়েছেন অণ্ডালেরই বাসিন্দা পায়েল দাস।

রঙিন সাজে মাতলো খুদে থেকে বড়রা।
অনুষ্ঠানে অণ্ডাল ও আশপাশের এলাকার প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুটা হয় খুদে তারকাদের দিয়ে। রঙিন ও আকর্ষণীয় পোশাকে সেজে ছোট্ট ছোট্ট পায়ে আত্মবিশ্বাসের সাথে র্যাম্পে হাঁটে তারা। তাদের চমৎকার উপস্থাপনা ও কিউট এক্সপ্রেশনে গোটা হল প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের পারফরম্যান্স দেখে অভিভাবক থেকে শুরু করে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। বারবার করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

উপস্থিত বিচারকরাও শিশুদের উৎসাহিত করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন। বিচারকদের প্রশংসায় খুদেদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।এরপর একে একে র্যাম্পে পা রাখেন যুবতী ও বিবাহিত মহিলারা। সংসার সামলে তারাও যে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন, তা প্রমাণ করেন তাঁরা।লক্ষ্য প্রতিভা প্রকাশের মঞ্চ তৈরি করা।

পায়েল দাস অনুষ্ঠানের আয়োজক বলেন, অণ্ডালে এই ধরনের র্যাম্প শো এই প্রথমবার আয়োজন করা হল। দীর্ঘদিন ধরেই আমার ইচ্ছা ছিল, অণ্ডালের শিশু, যুবতী ও মহিলাদের নিজেদের প্রতিভা প্রকাশের জন্য একটি সুন্দর মঞ্চ তৈরি করা।

সেই ভাবনা থেকেই এই র্যাম্প শোর আয়োজন।তিনি আরও জানান, শিশুদের উৎসাহ এবং তাদের অসাধারণ প্রতিভা দেখে আমরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকার খুদে প্রতিভাবান শিশুদের নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে এগিয়ে যাওয়ার পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।অণ্ডালের মাটিতে এই প্রথম এমন অভিনব উদ্যোগ দেখে খুশি এলাকার বাসিন্দারা।
