জামুড়িয়া। কাজল মিত্র : জমি দখলকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়ার পাড়াসিয়া পঞ্চায়েতের বেলবাদ এলাকা। অভিযোগ, এলাকার প্রায় ৫০ বছরের পুরনো শ্মশানঘাটের জমি জেসিবি দিয়ে দখলের চেষ্টা চলছে। এর প্রতিবাদে ১৬ আনা কমিটির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঙ্গারণ নদীর তীরে বেলবাদ-জোড়জানকি এলাকায় দীর্ঘদিন ধরে ওই শ্মশানঘাট রয়েছে। এলাকার বহু মানুষের শেষকৃত্য এখানেই সম্পন্ন হয়।

বাসিন্দাদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিন নিয়ে এসে শ্মশান সংলগ্ন জমিতে মাটি কাটার কাজ শুরু করেছেন। বিষয়টি নজরে আসতেই রবিবার ১৬ আনা কমিটির সদস্যরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান।তাঁদের বক্তব্য, অবিলম্বে প্রশাসনিক আধিকারিকরা এসে বিষয়টি খতিয়ে দেখুন এবং শ্মশানের জমি রক্ষা করুন।অন্যদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, যে জমিতে কাজ হচ্ছে তা তাঁদের নিজস্ব জমি। শ্মশান থেকে ওই জমির দূরত্বও যথেষ্ট। তাই শ্মশানের জমি দখলের অভিযোগ একেবারেই ভিত্তিহীন।গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ১৬ আনা কমিটির সদস্যরা।
