*আসানসোল, কাজল মিত্র : লছিপুর দিশা রেড লাইট এলাকায় গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাই ও গাড়ির চাবি নিয়ে পালানোর অভিযোগে বাবর খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে পুলিশ।উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চারজন ব্যক্তি স্করপিও গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার সময় লছিপুর দিশা এলাকার কাছে তাদের পথ আটকানো হয় বলে অভিযোগ। অভিযোগকারীদের দিশা এলাকায় নিয়ে গিয়ে নগদ ১০ হাজার টাকা ও অনলাইনে আরও ২০ হাজার টাকা আদায় করা হয়।

পরে তাঁরা নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে অভিযুক্তরা তাঁদের পিছু ধাওয়া করে স্করপিও গাড়ির চাবিও ছিনিয়ে নেয় বলে অভিযোগ।খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারীদের উদ্ধার করে। পাশাপাশি একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়। তদন্তে নেমে পুলিশ বাবর খানকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, বাবর খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং পুরো ঘটনায় কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হবে।
