কাজল মিত্র, কুলটি : আসানসোলের কুলটি থানা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত রামপুর এমভিআই দপ্তরে আচমকা পরিদর্শনে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। দপ্তরের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।সোমবারের এই পরিদর্শনে মন্ত্রী দপ্তরের সামগ্রিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “অফিসে infrastructure-এর অভাব রয়েছে। অফিসের পরিবেশ আরও ভালো করতে হবে।”

গত কয়েকদিন ধরে দপ্তর বন্ধ থাকার কারণে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি কয়েকজন এমভিআই কর্মী গ্রেপ্তার হওয়ায় বাকি কর্মীদের মনোবল ভেঙে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।দুর্নীতি প্রসঙ্গে অর্জুন সিং বলেন, আগের সরকারের সময় “ডান্ডা ট্যাক্স” নামে গাড়ির চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা তোলা হত। এখন থেকে নিয়ম মেনে ওভারলোডিং ধরা পড়লে সরকারিভাবেই ট্যাক্স আদায় করা হবে। তিনি জানান, সব ধরনের ট্যাক্স কালেকশন ১০০ শতাংশ অনলাইনের মাধ্যমে করা হবে।দুর্নীতি সম্পূর্ণভাবে রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শিগগিরই রাজ্যের সমস্ত এমভিআই-কে বডি ক্যামেরা দেওয়া হবে বলে ঘোষণা করেন মন্ত্রী। পাশাপাশি রামপুর দপ্তরেও সিসিটিভি বসানো হবে। ওয়ার রুম থেকে সরাসরি মনিটরিং করা হবে গোটা প্রক্রিয়া।মন্ত্রীর কথায়, “এর ফলে একদিকে যেমন কেউ দুর্নীতি করতে পারবে না, তেমনই কোনও মিথ্যে অভিযোগও উঠবে না। স্বচ্ছতা ফেরানোই আমাদের লক্ষ্য।”পরিদর্শনের সময় দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
