দুর্গাপুর : ছুটির দিন রবিবার সকালেই দুর্গাপুরের ব্যস্ত বেনাচিতি বাজারে অভিযান চালাল প্রশাসন। সরকারি ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও। সবজি বাজার, মাছ বাজার-সহ বিভিন্ন অংশে ঘুরে ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন মেশিন এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়।
পরিদর্শনের সময় কয়েকটি দোকানে ওজন মেশিনের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবীকরণ করা হয়নি বলে ধরা পড়ে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে দ্রুত রিনিউয়াল করার নির্দেশ দেন আধিকারিকরা। একইসঙ্গে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতেই এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও জেলার বিভিন্ন বাজারে এ ধরনের নজরদারি চলবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
হঠাৎ এই অভিযানে বাজারে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। অনেক ব্যবসায়ী নিজেদের নথিপত্র ও ওজন মেশিন পরীক্ষা করিয়ে নেন। প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ ক্রেতাদের একাংশও সন্তোষ প্রকাশ করেছেন।
বেনাচিতি বাজারে প্রশাসনের অভিযান, ওজন মেশিনে অনিয়মে কড়া সতর্কবার্তা
