কাজল মিত্র, অন্ডাল, : – আচমকাই বিকট শব্দ। কেঁপে উঠল কুয়োর জল। আর তার পরেই নিমেষে প্রায় ২০ ফুট নিচে নেমে গেল জলের স্তর। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে অন্ডালের ধান্দাডিহি এলাকায়। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেই গ্রামের একটি অংশে হঠাৎ মাটি ধসে যাওয়ার ঘটনা ঘটে। শুধু তাই নয়, ধসের জায়গা থেকে ধোঁয়া বের হতেও দেখা যায় বলে অভিযোগ। সেই আতঙ্ক কাটতে না কাটতেই শনিবার ফের আচমকা শব্দ। কেঁপে ওঠে কুয়োর জল। এরপরই প্রায় ২০ ফুট নিচে নেমে যায় জলের স্তর। মাটির নিচে ঠিক কী ঘটছে? তা নিয়ে এখন উদ্বিগ্ন বাসিন্দারা। মাটির নিচে আগুন বা অন্য কোনও ভূগর্ভস্থ সমস্যা রয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। বাড়িঘর ও পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তায় ধান্ডাডিহির বাসিন্দারা। রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ বলেন,” ধান্ডাডিহি ধস কবলিত এলাকা। কিন্তু বারে বারে ধসের ঘটনা ঘটবে তা বরদাস্ত করা হবে না। ইসিএল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে এলাকার মানুষকে পুনর্বাসন দিতে হবে।”
আচমকা শব্দ! কেঁপে উঠল কুয়োর জল, ফের ধস আতঙ্ক অন্ডালে
