সংবাদদাতা,দুর্গাপুরঃ শনিবার সিটি সেন্টারের কাছে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে একটি নতুন সুইমিং পুলের শিলান্যাস করা হল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত,গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়,ধর্মেন্দ্র যাদব ও রাখী তেওয়ারি প্রমূখ।

দুর্গাপুরের দুটি বেসরকারি ইস্পাত সংস্থা গিরিধান ও সুপার শক্তি মেটালিকের আর্থিক সহযোগিতায় এই পুল গড়ে তোলা হচ্ছে। এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন, শুধু সুইমিং পুল নয়,ব্যাডমিন্টন,লন টেনিস কোর্ট সহ স্টেডিয়ামকে সার্বিকভাবে সাজিয়ে তোলার চেষ্টা রয়েছে। এক্ষেত্রে স্থানীয় শিল্পপতি,ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস মিলেছে। মন্ত্রী প্রদীপ মজুমদার বর্তমান এডিডিএ চেয়ারম্যানের কর্মদক্ষতা সহ তার কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে বিস্তীর্ণ খনি শিল্পাঞ্চলের পরিকাঠামো সহ সার্বিক উন্নয়নে চেয়ারম্যানের উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী। উল্লেখ্য,এই স্টেডিয়ামে একটি সেমি অলিম্পিক মানের সুইমিং পুল তৈরি করা হচ্ছে। তারই পাশে সাঁতার শিক্ষার্থীদের জন্য আরেকটি পুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তা বাস্তবায়িত করার আশ্বাস দেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত।
