কাজল মিত্র : জামতাড়া, ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
জামতাড়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণার জাল ছড়ানোর অভিযোগে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। ফ্রান্সে চাকরি পাইয়ে দেওয়ার টোপ থেকে শুরু করে গ্যাসের বিল আপডেটের নামে ভুয়ো APK ফাইল পাঠিয়ে প্রতারণা—একাধিক অভিযোগের তদন্তে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে জামতাড়া পুলিশের সাইবার ক্রাইম সেল।
জামতাড়ার পুলিশ সুপার শম্ভু কুমার সিং (আইপিএস)-এর নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর রাতে জামতাড়া ও কার্মাটার থানা এলাকার দুটি বাড়িতে অভিযান চালানো হয়। কার্মাটার থানার দুধানি গ্রামে মানিক কুমার মণ্ডলের বাড়ি এবং জামতাড়া থানার সোনবাদ গ্রামে সিদ্ধার্থ দত্তের বাড়িতে এই অভিযান চালায় পুলিশ।
অভিযানে দুধানি গ্রাম থেকে গ্রেফতার করা হয় বিকাশ মণ্ডল (২২)-কে। তার বাড়ি নারায়ণপুর থানা এলাকার লটিয়া গ্রামে। অন্যদিকে সোনবাদ গ্রাম থেকে গ্রেফতার করা হয় দেব দত্ত (২০), জয়দেব সাহানি (১৯) এবং সিদ্ধার্থ দত্ত (৩৪)-কে।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড, ৮টি এটিএম কার্ড, একটি চেকবই এবং নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানা সিটি গ্যাস ও আদানি গ্যাসের গ্রাহকদের বিল আপডেট করার নাম করে ভুয়ো APK ফাইল পাঠানো হত। সেই ফাইল মোবাইলে ইনস্টল করানোর পর বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল নিয়ে আর্থিক প্রতারণা করা হত বলে অভিযোগ।
এছাড়াও ইয়েস ব্যাংকের গ্রাহকদের ফ্রান্সে চাকরি দেওয়ার টোপ দিয়েও একই ধরনের প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে। চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন নথি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পরে আর্থিক প্রতারণা করা হত বলে পুলিশের দাবি।
ঘটনার তদন্তে দেশের বিভিন্ন সাইবার ক্রাইম ইউনিট সক্রিয় হওয়ার পর জামতাড়া পুলিশের সাইবার ক্রাইম সেলের এই অভিযানকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং টেলিযোগাযোগ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ৫৯/২৬, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ফ্রান্সে চাকরির টোপ, জামতাড়া গ্যাংয়ের সাইবার প্রতারণাকড়া অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার ১৩ মোবাইল, ১৩ সিম ও ২.২০ লক্ষ টাকা
