সাতসকালে পুকুরে ভাসল নিখোঁজ ব্যক্তির দেহ।পদ্মফুল আনতে বেরিয়ে আর ফেরা হয়নি, জামুড়িয়ায় চাঞ্চল্য।

কাজল মিত্র : তিন দিন পর পুকুর থেকে উদ্ধার মধু হেমরমের দেহ, তদন্তে পুলিশ। সাতসকালে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ার বেনালি গ্রামে। জামুড়িয়া থানার অন্তর্গত বেনালি গ্রামের ঘাসুরিয়া এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ। মৃতের নাম মধু হেমরম। তিনি বেনালির টুইলা পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ তারিখ মনসা পূজার সকালে পদ্মফুল আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মধু হেমরম, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি বলে দাবি।
এরপর রবিবার সকালে গ্রামের কোলিয়ারির কাছে একটি পুকুরে স্থানীয়দের নজরে আসে জলে ভাসতে থাকা একটি দেহ। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, খবর দেওয়া হয় পুলিশকে।


খবর পেয়ে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
তবে কীভাবে ওই ব্যক্তি পুকুরে পৌঁছলেন? তার মৃত্যু কীভাবে হল? নিছক দুর্ঘটনা, নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।
ইতিমধ্যেই গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *