জামুড়িয়ায় জরুরি স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ, পাঁচটি অ্যাম্বুলেন্স দিল শ্যাম সেল

নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া (কাজল মিত্র): জামুড়িয়া বিধানসভার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে এক প্রশংসনীয় উদ্যোগ নিল শিল্প সংস্থা শ্যাম সেল। রবিবার বিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার জন্য পাঁচটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হল।এদিন আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সগুলির চাবি তুলে দেওয়া হয় জামুড়িয়া থানা, শ্রীপুর ফাঁড়ি, কেন্দা ফাঁড়ি, চুরুলিয়া ফাঁড়ি এবং জামুড়িয়া ট্রাফিক গার্ডের আধিকারিকদের হাতে। এর ফলে ওই সমস্ত এলাকায় কোনও দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার ঘটনা ঘটলে দ্রুত রোগীকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে।

উদ্যোক্তাদের দাবি, শিল্পাঞ্চল অধ্যুষিত জামুড়িয়ায় প্রায়ই পথ দুর্ঘটনা ও জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। এই অ্যাম্বুলেন্সগুলি চালু হলে গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষ দ্রুত পরিষেবা পাবেন এবং অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উভয় পুলিশ কমিশনার, ডিসিপি, জামুড়িয়ার বিডিও, দমকল দফতরের আধিকারিকরা, শ্যাম সেলের উচ্চপদস্থ কর্তারা এবং জামুড়িয়া চেম্বার অফ কমার্সের সদস্যরা।

অনুষ্ঠান মঞ্চ থেকে জামুড়িয়ার বিধায়ক শ্যাম সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও শিল্প সংস্থা একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন আরও দ্রুত হবে। মানুষের স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *