বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়ে আসানসোল পুরসভার সামনে সাফাই কর্মীদের বিক্ষোভ

কাজল মিত্র : বেতন বৃদ্ধি ও ন্যায্য সামাজিক সুরক্ষার দাবিতে শুক্রবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল আসানসোল পুরসভার সামনে চত্বর।কর্মবিরতিতে সামিল হয়ে পুরসভার সামনে বিক্ষোভে দেখাতে থাকে সাফাই কর্মীরা। শহরের পরিচ্ছন্নতা যাঁদের কাঁধে, সেই কর্মীরাই আজ নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন

বিক্ষোভকারীদের প্রধান দাবি, বর্তমান ৯ হাজার টাকা মাসিক বেতন বাড়িয়ে অন্তত ১৫ হাজার টাকা করা হোক। পাশাপাশি অবিলম্বে পিএফ ও ইএসআই সুবিধা চালু করার দাবিও তুলেছেন তাঁরা। অভিযোগ, চলতি বছরের এপ্রিল মাস থেকে কর্মীদের বেতন থেকে পিএফ বাবদ টাকা কাটা হলেও তা এখনও সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা পড়েনি। এতে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন কর্মীরা।


সাফাই কর্মীদের বক্তব্য, লাগামছাড়া দ্রব্যমূল্যের বাজারে ৯ হাজার টাকায় সংসার চালানো কার্যত অসম্ভব। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হলেও তাঁদের মজুরি সেই তুলনায় বাড়েনি। এর ফলেই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান তাঁরা।কর্মবিরতির জেরে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন সাফাই কর্মীরা। এখন দেখার, পুরসভা কর্তৃপক্ষ এই আন্দোলনের পর কী পদক্ষেপ গ্রহণ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *