নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল ৫ যুবক

কাজল মিত্র, সীতারামপুর: ফের বেপরোয়া গতির বলি। রবিবার সকালে সীতারামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল একটি চারচাকা গাড়ি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা ৫ যুবক।জানা গেছে, ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায়। ১৯ নম্বর জাতীয় সড়কের মেলাকলা মোড় থেকে সীতারামপুর যাওয়ার রাস্তায় একটি দ্রুতগামী চারচাকা গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় খুঁটিটি বেঁকে যায়। এরপর গাড়িটি সোজা পাশের জলাশয়ে গিয়ে পড়ে।

গাড়িতে মোট পাঁচজন যুবক ছিলেন। তাদের মধ্যে একজনের নাম প্রেম সাও, বাড়ি লচ্ছিপুর খাটাল এলাকায় বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পরে ক্রেন এনে জলাশয় থেকে গাড়িটি উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা। গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *