কাজল মিত্র, নিজস্ব সংবাদদাতা, সালানপুর : রূপনারায়ণপুরের জন্য গর্বের মুহূর্ত। হিন্দুস্তান কেবলস ডিএভি স্কুলের প্রাক্তনী তথা জোড়বাড়ির বাসিন্দা রোহিত গিরি ভারতীয় ডিউবল দলে জায়গা করে নিলেন।ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ডিউবল-২০২৬ সিরিজ শুরু হচ্ছে আগ্রায়। আগামী ২০ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। পশ্চিম বর্ধমান জেলার প্রতিনিধি হয়ে ভারতীয় দলের জার্সিতে খেলতে ইতিমধ্যেই আগ্রায় পৌঁছে গিয়েছে গোটা ভারতীয় দল, সঙ্গে রোহিতও।দীর্ঘদিন ধরেই বাংলা দলের হয়ে দক্ষতার সঙ্গে খেলে আসছেন রোহিত। তবে প্রথমবার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার অনুভূতি আলাদা, এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত রূপনারায়ণপুর, হিন্দুস্তান কেবলস এলাকা।

অন্যদিকে, রাজ্যের জন্য আরও একটি খুশির খবর হলো, ভারতীয় মহিলা ডিউবল দলের জাতীয় কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ফারহাত আরা। আগ্রায় হতে চলা এই আন্তর্জাতিক সিরিজে তিনি ভারতীয় মহিলা দলের দায়িত্ব সামলাবেন। তাঁর এই নিয়োগে শুভেচ্ছা জানিয়েছে ডিউবল বেঙ্গল অ্যাসোসিয়েশন।
